মিয়ানমারের রাখাইন রাজ্যে ইট দিয়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটেছে

আন্তর্জাতিক ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল মাইও থু সু বলেছেন, ‘আমরা নবীন ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছি। সে জানিয়েছে, হামলাকারীদের সে থামানোর চেষ্টা করেও পারেনি। তাই সে ওই স্থান থেকে পালিয়ে সাহায্যের জন্য থানা চলে গিয়েছিল।’ এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন থু সু।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ইট দিয়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কয়েকজন। বুধবার দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নিহত ওই রোহিঙ্গার নাম মনির আহমেদ (৫৫)।

সিতউই জেলা পুলিশ কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল উইন নাউং জানান, মঙ্গলবার সাতজন মুসলমান জেলার বাইরের বাস্তুচ্যুত এলাকা থেকে সিতউইতে আসে নৌকা কেনার জন্য। এসময় নৌকা কেনা নিয়ে এক রাখাইন বৌদ্ধ ধর্মাবলম্বীর সঙ্গে তাদের তর্ক বেধে যায়। এক পর্যায়ে স্থানীয় বৌদ্ধরা ওই রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা চালায়। রোহিঙ্গাদের সঙ্গে থাকা এক পুলিশ সদস্য এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাউং বলেন, ‘লোকজন পুরিশের ওপর হামলা চালায়নি। কারণ সে তাদের ধর্মেরই ছিল।’

প্রসঙ্গত, রাখাইন রাজ্যে চরমপন্থি বৌদ্ধদের হাতে প্রায়ই মুসলিম নিপীড়নের ঘটনা ঘটে। ২০১২ সালে জাতিগত সহিংসতার পর এ পর্যন্ত রাজ্যটিতে কয়েক হাজার মুসলমান হত্যার শিকার হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা।