মীরসরাইয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ৩ জনকে আটক

চট্টগ্রাম: মীরসরাইয়ে ছুরিকাঘাতে মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম। আটককৃতরা হলেন- হৃদয় (২১), রিপন (২৫), হাসান (২৩)।

উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, রাকিব হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চার আসামির মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া আরেক আসামিকে আটকের চেষ্টা চলছে। প্রসঙ্গত, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরবাজারে রাকিব নামে এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়।