নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, সারাজীবন মুক্তিযোদ্ধাদের পাশে আছি, আগামীতেও থাকব। একাত্তরে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তাই মুক্তিযোদ্ধাদের কল্যাণেই কাজ করে যাব।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বাদশা বলেন, একাত্তরে অনেক রক্তের বিনিময়ে আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। আমাদের দেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক তা চাই না। এ জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী সদর আসনে ১৪ দল মনোনীত ও মহাজোট সমর্থিত নৌকা প্রতীকের এই প্রার্থী বলেন, আমি এবার নির্বাচিত হতে পারলে রাজশাহীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের ব্যবস্থা করব। মুক্তিযোদ্ধাদের সম্মানে সরকারি যানবাহনে তাদের বিনাভাড়ায় যাতায়াতের সুযোগ করে দেব। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্যই আমরা এই দেশ পেয়েছি। তাই তাদের প্রাপ্য সম্মান বুঝিয়ে দেয়া সবার দায়িত্ব।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর ইউনিট, মুক্তিযোদ্ধা মঞ্চ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও প্রজন্ম ৭১ আয়োজিত এক প্রচার মিছিল শেষে পথসভায় তিনি বক্তব্য দিচ্ছিলেন।
নির্বাচনে ফজলে হোসেন বাদশাকে বিজয়ী করার লক্ষ্যে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। প্রচার মিছিলে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাও উপস্থিত ছিলেন।


