মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহরাব (৩৫) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। রোববার ভোর পৌনে ৫টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহত র্যাব সদস্যদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা ও ১০ হাজার ৫০০ টাকা। র্যাব-১১, সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বাঘরা ইউনিয়নের ছত্রভোগ এলাকার ইটভাটা এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে, গোপন সূত্রের মাধ্যমে এমন খবর পেয়ে রোববার ভোর পৌনে ৫টার দিকে র্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদক ব্যবসায়ীদের সাথে র্যাবের গুলি বিনিময় হয়। এ সময় চার-পাঁচজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ সোহরাবকে পড়ে থাকতে দেখা যায়। পরে সোহরাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহিতুল ইসলাম আরো জানান, নিহত সোহরাবের নামে হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৩টিরও বেশি মামলা রয়েছে।


