মৃতদেহ জীবিত করার ব্যর্থ চেষ্টা;নবী হতে চাওয়া এক ব্যক্তি আটক

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়া মৃত এক ব্যক্তিকে জীবিত করার ব্যর্থ চেষ্টার পর নবী হতে চাওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে ওই ব্যক্তি মৃতব্যক্তির স্বজনদের হাতে এক দফা পিটুনি খেয়েছে।

বিবিসি জানিয়েছে, কয়েকদিন আগে ওরোমিয়া অঞ্চলের ছোট গালিলি শহরে বেলায় বিফতু নামে এক ব্যক্তি মারা যায়। ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে গিয়ে নিজেকে নবী বলে দাবি করা জিতায়াওকাল আয়েলে জানালেন, তিনি মৃত ব্যক্তিকে প্রাণ দিতে পারেন। শোকসন্তপ্ত পরিবারকে তিনি শোনালেন বাইবেলে সেন্ট লাযারুসের মরদেহে যিশুখ্রিস্ট কিভাবে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন সেই গল্প। এই গল্পে শোক সন্তপ্ত পরিবারটির মনে যেন আশার সঞ্চার হলো। শেষ পর্যন্ত তারা বেলায়ের মরদেহ কবর থেকে তুলতে রাজি হয়।

মরদেহটিকে জ্যান্ত করার জন্য আয়েলে যা করছিলেন তার একটি ভিডিও ইথিওপিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

মরদেহটি কবর থেকে তোলা হলে আয়েলে সেটির উপর শুয়ে পরেন। এরপর তিনি‘বেলায়, জেগে ওঠো’ বলে চিৎকার শুরু করেন। তবে তার এই কাণ্ডে বেলায়ে জীবিত না হলেও অজ্ঞান হয়ে যান ওই পরিবারের কয়েকজন সদস্য। এরপরই বেলায়ের ক্ষুব্ধ স্বজনরা আয়েলেকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

ইথিওপিয়ার আইনে মৃতদেহের অমর্যাদা অপরাধ হিসেবে গণ্য। তাই পিটুনির হাত থেকে রেহাই পেলেও আইনের হাত থেকে বাঁচছেন না আয়েলে।