মেয়র আরিফের অপসারণ দাবি সিসিকের ২২ কাউন্সিলরের

জেষ্ঠ্য প্রতিবেদকঃ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর অপসারণ চেয়ে মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন সিসিকের ২২ কাউন্সিলর। অনিয়মের অভিযোগ এনে সিসিকের ২৭ ওয়ার্ডের মধ্যে সংখ্যাগরিষ্ট কাউন্সিলররা এ অভিযোগপত্রে সই করেছেন।

বুধবার (৪ মার্চ) বিকেল ৫ টায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এ অভিযোগপত্র পাঠিয়েছেন তারা।

কাউন্সিলরদের পক্ষে সিসিকের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন স্বাক্ষরিত অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, স্থানীয় সরকার সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও মেয়রের একান্ত সচিব বরাবরে দেওয়া হয়েছে।

সিসিকের কাউন্সিলরদের সই করা অভিযোগপত্রের কপি এরইমধ্যে হাতে এসে পৌছেছে।

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেছেন- সরকার যখন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশনা দেয়। তখনই লক্ষ্য করা গেছে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাধারণ সভায় উপস্থাপন ও আলোচনা না করে বর্তমান পরিষদকে উপেক্ষা করে পরিষদের সিদ্ধান্ত ছাড়াই দক্ষিণ সুরমা এলাকার তেঁতলী ইউনিয়নের বানেশ্বরপুর মৌজায় জায়গা অধিগ্রহণ করেছেন। তাছাড়া সিলেট সিটি করপোরেশনের জনবল নিয়োগের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ না করে টাকার বিনিময়ে স্বজনপ্রীতির মাধ্যমে বিভিন্ন শাখায় লোক নিয়োগ করেছেন। তার ব্যক্তিগত বৃহৎ স্বার্থে সিটি করপোরেশনের স্বার্থ ক্ষুদ্র করে কাজে আসে না এমন অনেক প্রকল্প বাস্তবায়ন করেন। বিভিন্ন এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বিল পাওয়ার ক্ষেত্রে হিসাব রক্ষণ কর্মকর্তার মাধ্যমে কমিশন বাণিজ্য করেন, যা সিটি করপোরেশনের আইন ও বিধিমালার ধারা-১৩ এর উপধারা ১ (ঘ) অনুসারে মেয়র পদে থেকে অপসারণ যোগ্য অপরাধ। সরকারের প্রতিনিধি হিসেবে বিষয়টি তদন্ত পরবর্তী ব্যবস্থা নেওয়া আবশ্যক। বিষয়টি বিবেচনা পূর্বক তদন্তসাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ মেয়রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা।