মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফয়সাল (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি ভবন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

মৃত ফয়সালের চাচাতো ভাই সেলিম জানান, তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়। বর্তমানে তিনি নির্মাণাধীন ওই ভবনে থাকতেন। সেলিম আরও জানান, তারা মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকায় ১৬তলা নির্মাণাধীন ভবনের ১২ তলায় কাজ করছিলেন। দুপুরে ফয়সাল সিমেন্ট নিয়ে উপরে উঠার সময় ১২ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।