নিজস্ব প্রতিবেদকঃ বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পাশাপশি শোক জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার (১৩ জুন) পৃথক পৃথক বার্তায় তারা শোক প্রকাশ করেন।
শোক বার্তায় মেয়র আতিকুল ইসলাম বলেন, মোহাম্মদ নাসিম জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র। মোহাম্মদ নাসিম তার বাবার মতোই এ দেশের গণমানুষের নেতা ছিলেন। তার মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। জাতি এক মহান নেতাকে হারালো।
অন্যদিকে, নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তার মৃত্যুতে জাতি হারালো একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আর আমরা হারালাম সকল প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একজন নায়ককে। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। জনসেবা, দেশপ্রেম ও মানুষের কল্যাণে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করবে।
প্রত্যেকেই নিজ নিজ শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


