নিজস্ব প্রতিবেদক: উপজেলা পর্যায়ে মৎস্য সম্পদের উন্নয়ন, সংরক্ষণ এবং মৎস্যচাষ সম্প্রসারণে উপজেলা মৎস্য কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। উপজেলা পরিষদের তত্ত্বাবধানে তারা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি মৎস্যচাষিদের প্রশিক্ষণ, পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
দায়িত্ব অনুযায়ী, উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের সহায়তায় কমপক্ষে ৩ বিঘা আয়তনের এক বা একাধিক নার্সারি পুকুর পরিচালনা ও পোনা উৎপাদন করে আগ্রহী মৎস্যচাষিদের মধ্যে স্বল্পমূল্যে বিতরণ করেন। একই সঙ্গে ন্যূনতম ১ একর আয়তনের প্রদর্শনী মৎস্য খামার স্থাপন করে সাধারণ মানুষকে আধুনিক মৎস্যচাষে উদ্বুদ্ধ করার কাজও করেন।
মৎস্যচাষে বিজ্ঞানভিত্তিক পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান, প্রকল্প প্রণয়ন এবং উন্নতমানের পোনা, জাল, সার, পাম্প মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা করাও তাদের অন্যতম দায়িত্ব। এছাড়া আগ্রহী মৎস্যচাষী ও বেকার যুবকদের জন্য মৎস্য ও চিংড়ি চাষবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রতি বছর চারটি ব্যাচে মোট ৮০ জনকে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়ার বিধান রয়েছে।
মৎস্যচাষের সম্প্রসারণে ব্যাংক ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও উপজেলা মৎস্য কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঋণসংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং নিয়মিত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়।
এছাড়া পুকুর, দীঘি, নদী, খাল, বিলসহ বিভিন্ন জলাশয়ের সংখ্যা ও আয়তন, মাছ উৎপাদন, হ্যাচারি ও নার্সারির উৎপাদন সক্ষমতাসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রতি বছর কমপক্ষে ২০টি ব্যক্তি মালিকানাধীন পুকুরকে মাছচাষের আওতায় আনার লক্ষ্য নিয়েও কাজ করেন তারা।
জলমহাল ব্যবস্থাপনা, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের ক্ষেত্রেও উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্ব রয়েছে। অবৈধ মাছ আহরণ প্রতিরোধ, অভিযান পরিচালনা, মামলা দায়ের এবং আইন প্রয়োগ সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন প্রণয়ন করা হয় নিয়মিতভাবে।
এর পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের কাজ তদারকি, বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রণয়ন, আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন এবং বিভিন্ন সমন্বয় সভায় অংশগ্রহণসহ প্রশাসনিক দায়িত্বও পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করেন, মৎস্য খাতের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা মৎস্য কর্মকর্তাদের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


