ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা হলেন-হাফিজুর রহমান (৪৫) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৫৫)। আহতদের নাম-পরিচায় জানা যায়নি। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ময়মনসিংহ-মুক্তাগাছা আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, সকালে মুক্তাগাছা আঞ্চলিক সড়কের নতুন বাজার এলাকায় দ্রুতগতির একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।