ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় অতিরিক্ত বালু বহন করা একটি ট্রাকের ভারে দেবে গেছে খিরু নদীর ওপরে থাকা একটি বেইলি ব্রিজ। এ সময় ট্রাকচালক ও তার সহকারী গাড়ি থেকে দ্রুত বেরোতে পারলেও ব্রিজ দিয়ে হেঁটে যাওয়া শহিদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শাকিল আহত হয়েছে। এছাড়া ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ফলে বড় ধরনের যানবাহনগুলো প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের ভালুকা-মল্লিকবাড়ী সড়কে প্রায় ৩০ টনের অধিক বালুভর্তি একটি ট্রাক ওই ব্রিজটিতে উঠলে সেটি দেবে যায়। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বেইলি ব্রিজের মিস্ত্রী পাঠিয়েছি। আশা করছি, আজ অথবা আগামীকালের মধ্যেই মেরামত কাজ শুরু হবে।


