ময়মনসিংহে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীরামপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজন হলেন- গৌরীপুর উপজেলার উজান কাশিয়ার গ্রামের ছাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০), তার মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড় গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫৫)।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন। ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেওয়ার পরে রফিকুল, ছাহেরা ও রাবিয়া মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার জয়নাল।