ময়মনসিংহে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক সুরঞ্জন তালুকদার।
তিনি জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে সকাল পৌনে ১১টার দিকে নগরীর বলাশপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ‘ঝ’ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ, ভৈরব ও চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে কেওয়াটখালী লেকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এরপর তিন ঘণ্টা উদ্ধারকাজ শেষে দুপুর ২টার দিকে রেল যোগাযোগ সচল হয়।
এ সময়ে বলাকা কমিউটার, মহুয়া কমিউটার ও জারিয়া লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা ছিল বলেও জানান তিনি।


