যশোরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

জেলা প্রতিনিধি, যশোরঃ যশোরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। শনিবার ভোরে যশোরের বাঘারপাড়া উপজেলার সাদীপুর গ্রামের রামপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বাঘারপাড়া থানা পুলিশের পরিদর্শক শেখ ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে এক দল চোর উপজেলার নিমতা গ্রাম থেকে দুটি গরু চুরি করে। এরপর তারা গরু দুটি পাশের সাদীপুর গ্রামের রামপুর বটতলায় নিয়ে যায়। শনিবার ভোরে চোরেরা গরু দুটি একটি পিকআপে ওঠানোর সময় গ্রামবাসী একজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।