যশোরে ডাকাতদের মধ্যে কথিত ‘গোলাগুলিতে’ অজ্ঞাত দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ডাকাতদের মধ্যে কথিত ‘গোলাগুলিতে’ অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন।

বুধবার ভোররাতে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলায় ‘গোলাগুলির’ এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে রাতে পুলিশ খবর পায়। খবর পেয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরো জানান, ঘটনাস্থল থেকে গাছ কাটা করাত, তিনটি হাশুয়া ও কিছু দড়ি উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।