যশোর: যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিশুসহ আরও দুইজন। শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), শহরের রবীন্দ্রনাথ সড়ক এলাকার (আরএন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন পিয়াশা (৩০) ও একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)। আহতরা হলেন- নিহত তিথীর ছেলে মনিরুল (৪) ও তাদের আত্মীয় হৃদয় (৩০)। নিহতদের মধ্যে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা ও তানজিলা ইয়াসমিন আপন বোন ও তিথী তাদের ভাবী (ভাইয়ের স্ত্রী)।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে তারা প্রাইভেটকার যোগে জেলা শহরে আসছিলেন। পথে বিমানমোড় এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার কয়েক মিনিটের ব্যবধানে তিন নারীর মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হৃদয় এবং শিশু মনিরুলের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, নিহত ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা এমবিবিএস কোর্স সম্পন্ন করে যশোর আদ্-দ্বীন হাসপাতালে কর্মরত ছিলেন। মরদেহগুলো হাসপাতাল মর্গে রয়েছে।


