আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছর যুক্তরাজ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাউনিং স্ট্রিট ও হোয়াইট হাউজ ট্রাম্পের সফরসূচি নিয়ে কাজ করছে। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের পর তাকে শুভেচ্ছা জানাতে ওয়াশিংটনে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ওই সময় ট্রাম্পকে যুক্তরাজ্য সফরে রানি এলিজাবেথের আমন্ত্রণবার্তা পৌঁছে দেন থেরেসা মে। তবে বিতর্কিত মন্তব্যের কারণে ট্রাম্পের লন্ডন সফরের প্রতিবাদ জানান প্রায় ২০ লাখ ব্রিটিশ। তারা একটি প্রতিবাদপত্রে স্বাক্ষরও করেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ট্রাম্প জানান, তার বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কা থাকলে তিনি লন্ডন সফর করবেন না।
প্রধানমন্ত্রী থেরেসা মের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি সেটা গ্রহণ করেছেন। তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।
হোয়াইট হাউজ অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


