যুক্তরাষ্ট্রের টেক্সাসের দিকে এগিয়ে যাচ্ছে ভয়াবহ হারিকেন হার্ভে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের দিকে এগিয়ে যাচ্ছে ভয়াবহ হারিকেন হার্ভে। গত ১২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, তিন নম্বর ক্যাটাগরির হারিকেনটি বর্তমানে মেক্সিকো উপসাগরে অবস্থান করছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এটি যুক্তরাষ্ট্রের উপকূলী অঞ্চলে আঘাত হানতে পারে।

জাতীয় হারিকেন কেন্দ্র সতর্ক করে দিয়ে বলেছে, হারিকেন কেন্দ্রে এখন বাতাসের গতিবেগ ঘন্টায় ১৪০ কিলোমিটার। এটি আরো বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে হোস্টন ও আশেপাশের এলাকায় বন্যা দেখা দিতে পারে। টেক্সাসের প্রাণকেন্দ্রে অবস্থিত তেল শোধনাগার শিল্প এলাকায়ও ঝড় আঘাত হানতে পারে।

উপকূলীয় শহর কোরপাস ক্রিস্টির মেয়র জো ম্যাককম্ব নিম্মাঞ্চল থেকে স্থানীয়দের সরে আসার এবং সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আশা করব আবহাওয়া কেন্দ্র থেকে যখন হঠাৎ বন্যার ব্যাপারে সতর্কবার্তা জারি করা হবে তখন লোকজন সতর্কতার সঙ্গে তা শুনবে।’

প্রবল শক্তি নিয়ে তিন নম্বর ক্যাটাগরির এই হারিকেনটি যুক্তরাষ্ট্রে আঘাত হানলে তা হবে ২০০৫ সালে আঘাত হানা উইলমা নামের হারিকেনের পর সবচেয়ে শক্তিশালী ঝড়। ওই বছর উইলমার আঘাতে নিহত হয়েছিল ৮৭ জন।