যুক্তরাষ্ট্রে যত হামলা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুকধারীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার ঘটনা দেশটিতে এ ধরনের হামলার ইতিহাস সামনে নিয়ে এসেছে।

১৯৪৯ সালের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে লাস ভেগাসের বন্দুক হামলা-ই সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। তবে গত দুই দশকে দেশটিতে এমন কিছু বন্দুক হামলা হয়েছে, যা দেশটির বুকে বিষাদের দাগ কেটেছে। এখানে তেমন কিছু হামলার তথ্য দেওয়া হলো-

মান্দালয় বে, লাস ভেগাস (২০১৭) : নিহত ৫৯
রোববার রাতে হামলকারী স্টিফেন প্যাডক লাইভ কনসার্টে গুলি করে ৫৯ জনকে হত্যা করেছেন। এ সময় আহত হয়েছেন ৫২৮ জন।

পালস নাইটক্লাব (২০১৬) : নিহত ৪৯
২০১৬ সালের ১২ জুন অরল্যান্ডোর সমকামী নাইটক্লাবে শক্তিশালী বন্দুক দিয়ে হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করেন ওমর মতিন নামে মার্কিন নাগরিক। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগসূত্রের কথা স্বীকার করেন তিনি এবং পরে আইএস এ হামলার দায় নেয়।

ভার্জিনিয়া টেক (২০০৭) : নিহত ৩২
ওই বছর এপ্রিল মাসে ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দক্ষিণ কোরিয়ার ছাত্র সেয়ুং-হুই চো (২৩) গুলি করে ২৭ শিক্ষার্থী ও পাঁচ শিক্ষককে হত্যা করেন।

স্যান্ডি হুক (২০১২) : নিহত ২৬
কানেক্টিকাটের নিউ টাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ২১ বছর বয়সি মার্কিনি অ্যাডাম ল্যানজা গুলি করে ২০ শিশু ও ছয় জন প্রাপ্তবয়স্ককে হত্যা করেন। পরে মাকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

টেক্সাস রেস্টুরেন্ট (১৯৯১) : নিহত ২২
ওই বছর অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের নাগরিক জর্জ হেনার্ড কিলিন শহরে একটি রেস্টুরেন্টে ২২ জনকে গুলি করে হত্যা করেন এবং নিজে আত্মহত্যা করেন।

স্যান বার্নারদিনো (২০১৫) : নিহত ১৪
ক্যালিফোর্নিয়ার বার্নারদিনো শহরে ২০১৫ সালের ডিসেম্বর মাসে একটি সামাজিক সেবা প্রতিষ্ঠানে ঢুকে এক নবদম্পতি গুলি করে ১৪ জনকে হত্যা করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক রিজওয়ান ফারুক ও তার পাকিস্তানি স্ত্রী তাশফিন মালিক এ হামলা চালান এবং ঘটনাস্থলে পুলিশের গুলিতে তারা নিহত হন।

ফোর্ট হুড সামরিক ঘাঁটি (২০০৯) : নিহত ১৩
২০০৯ সালের নভেম্বর মাসে কিলিন শহরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে কর্মরত মনোরোগ বিশেষজ্ঞ নিদাল হাসান গুলি করে তার ১৩ সহকর্মীকে হত্যা করেন।

নিউ ইয়র্ক অভিবাসনকেন্দ্র (২০০৯) : নিহত ১৩
নিউ ইয়র্কের বিংহ্যামটনে ২০০৯ সালের এপ্রিল মাসে ভিয়েতনামি অভিবাসী জিভার্লি আন্তারেস ১৩ জনকে গুলি করে হত্যা করেন। পরে তিনি আত্মহত্যা করেন।

নেভি ইয়ার্ড হেডকোয়ার্টার্স (২০১৩) : নিহত ১২
২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ওয়াশিংটন নেভি ইয়ার্ড হেডকোয়ার্টার্সে প্রাক্তন কর্মকর্তা অ্যারোন অ্যালেক্সিস কর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করেন। পরে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

অরোরা, কলোরাডো (২০১২) : নিহত ১২
২০১২ সালের জুলাই মাসে কলোরাডোর অরোরায় একটি সিনেমার প্রিমিয়ারে জেমস হলমেস নামে এক মার্কিনি গুলি চালিয়ে ১২ জনতে হত্যা করেন এবং সে সময় আহত হন প্রায় ৭০ জন। এ ঘটনায় হলমেসের যাবজ্জীবন সাজা হয়।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন