আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে কিউবার দুই কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
হঠাৎই কেন তাদের বহিষ্কার করা হলো- তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, কিউবার রাজধানী হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে রহস্যজনক রোগের লক্ষণ দেখা গেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নয়ের্ত বলেছেন, তাৎক্ষণিকভাবে কোনো কিছু নির্দিষ্ট হওয়া যায়নি। সত্যিই কী হয়েছে মার্কিন দূতাবাসে, তাও জানা যায়নি। ফলে বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দূতাবাসটির কয়েকজন কর্মকর্তা কানে কম শোনাজনিত সমস্যা ভুগছেন। তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখছে তারা।
মন্ত্রণালয় বলছে, কূটনীতিক বহিষ্কারের ঘটনা অনভিপ্রেত কিন্তু আসলেই কী হয়েছে, তা পরিষ্কার হতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চায় তারা। এক বিবৃতিতে তারা বলেছে, ‘কূটনীতিক ও তাদের পরিবারের বিরুদ্ধে অনিষ্টকর কোনো ঘটনা কিউবার মাটিতে কখনো হতে দেওয়া হয়নি, কোনো দিন দেওয়াও হবে না।’
দীর্ঘ ৫০ বছর সম্পর্ক বিচ্ছিন্ন রাখার পর ২০১৫ সালে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপন করে যুক্তরাষ্ট ও কিউবা। ওয়াশিংটন ও হাভানায় দুই দেশ একে অপরের দূতাবাস প্রতিষ্ঠা করে। কিন্তু দুই বছর যেতে না যেতেই আবার সম্পর্কের অবনতি শুরু হয়েছে তাদের মধ্যে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন


