যুবকের ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এক যুবকের ছুরিকাঘাতে তাছলিমা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নিহত তাছলিমা আক্তার নীলফামারীর সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর এলাকার তাজুল ইসলামের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় টিএম ফ্যাশনস লিমিটেড কারখানায় চাকরি করতেন তাছলিমা। কারখানা ছুটির পর তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। পথে চান্দনা চৌরাস্তা এলাকায় বনরূপা রোডে পৌঁছালে এক যুবক তার গতিরোধ করে ছুরিকাঘাত করেন।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।