রংপুরের গত ১০ দিনে ৫ হাজার ৫৪৮টি হেলমেট বিক্রি

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের গত ১০ দিনে ৫ হাজার ৫৪৮টি হেলমেট বিক্রি হয়েছে। পাম্প মালিকরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে পেট্রোল ও অকটেন বিক্রি না করায় রংপুরে হেলমেট বিক্রি বেড়ে গেছে। অন্যদিকে পুলিশ দাবি করেছে, সচেনতামূলক প্রচারণার ফলে গত ১০দিনে রংপুরে কোন মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেনি। গত সপ্তাহ থেকে রংপুরে সড়কে চলাচল নিরাপদ করতে ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচি শুরু হয়। প্রথমে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান এই উদ্যোগটি গ্রহণ করেন। পরে পুলিশ সুপার মিজানুর রহমান ও পেট্রোলপাম্প মালিকরা যৌথভাবে সচেনতামূলক এই প্রচারণা শুরু করেন। নগরীতে র‌্যালি, লিফলেটসহ বিভিন্নভাবে হেলমেট পড়ার প্রচারণা চালান। এতে ব্যাপক সারা মিলে। অধিকাংশ মোটরসাইকেল চালকরা হেলমেট ব্যবহার শুরু করেন। ফলে হেলমেট বিক্রি বেড়ে যায়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি গত ১০ দিনে সাড়ে ৫ হাজারের ওপর হেলমেট বিক্রি হয়েছে। এই প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রংপুরে কোন মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেনি। আমরা আশান্বিত। চালকরা সচেতন হলে দুর্ঘটনার হার শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।’