নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধনতলা এলাকায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকালে পুলিশ অটোচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠিয়েছে। গঙ্গাচড়া থানা সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার সৈয়দপুরের নেকিরহাট এলাকার আব্দুল হকের পুত্র আবুল কালাম (২৮) পেশায় একজন অটোরিকশা চালক। শুক্রবার তিনি ভাড়া নিয়ে গঙ্গাচড়ায় এসেছিলেন। যাওয়ার পথে ধনতলা বিরাবাড়ি এলাকায় ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ শনিবার সকালে তার লাশ উদ্ধার করে। গঙ্গাচড়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় নিহতের মা মোকলেসা বেগম একটি হত্যা মামলা করেছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


