নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর নগরীর সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় দুই বাসের কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসির (ব ১১-০০২৬) বাসটি সিও বাজার এলাকায় এলে বিপরীতমুখী ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজন নিহত হন। এ সময় দুই বাসের অন্তত ৪০ যাত্রী আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান জানান, আহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে। এ ছাড়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে।


