রাঙামাটিতে পানিতে ডুবে এক যুবক নিখোঁজ

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে রিমেশ চাকমা (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) সকালে ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের ঝাক্কোবাজেই পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। রিমেশ চাকমা ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের মৃত স্বর্ণ কুমার চাকমার ছেলে। তিনি বাক-প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে রিমেশ চাকমা ও তার মা ঝরবি চাকমা কলাবুনিয়ায় বাজারে শাক-সবজি বিক্রি করতে যান। এরপর বাড়ি ফেরার উদ্দেশে কলাবুনিয়া বাজারঘাট থেকে ঝাক্কোবাজেই পাড়ায় নৌকায় পারাপারের সময় হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যান রিমেশ। পরে তার মায়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অনেক খোঁজাখুজি করার পরও তাকে পাওয়া যায়নি। ভূষণছড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তৈমির আলী বলেন, নিখোঁজ যুবকের সন্ধান চলছে।