এস.এম.নাহিদ : রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় বসতে যাওয়া কোরবানির পশুর হাটে ইতিমধ্যেই জমে উঠেছে বেচাকেনার প্রস্তুতি।
আয়োজকদের দাবি, হাটের প্রায় দুই-তৃতীয়াংশ জায়গা এরই মধ্যে গরুতে পরিপূর্ণ হয়ে গেছে। পাবনা, নাটোর, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারেরা ট্রাকভর্তি পশু নিয়ে হাটে অবস্থান নিয়েছেন। ফলে শুরু থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে হাটটি।
মনিকা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় পরিচালিত এই হাটে নিরাপত্তা ও সেবায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো হাটজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা, নজরদারি ড্রোন ও ওয়াচ টাওয়ার। পাশাপাশি থাকছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, র্যাব-পুলিশের টহল এবং জাল টাকা শনাক্তকারী মেশিন। ভিড় নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকেরা।
হাট পরিচালনা কমিটির সদস্যরা বলছেন, ক্রেতা-বিক্রেতাদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এসব উদ্যোগ। পাইকারদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা, উন্মুক্ত পার্কিং সুবিধা, জীবাণুনাশক চেম্বার ও পশুর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিমও রাখা হয়েছে। আয়োজকদের আশা, রাজধানীর অন্যতম সুশৃঙ্খল ও নিরাপদ কোরবানির পশুর হাট হিসেবে এবারও পরিচিতি পাবে ৩০০ ফিটের এই হাট।


