রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মৃধা (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবেলের সহকর্মী মোহাম্মদ আলী জানান,নিহত রুবেল শরিয়তপুর গোসাইরহাট উপজেলার রমজান আলীর ছেলে। একমাত্র মেয়ে ও স্ত্রীসহ পশ্চিম জুরাইন কবরস্থান রোড ১১৪/১ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে পশ্চিম জুরাইন কবরস্থান রোডের একটি ৫ তলা ভবনে রড মিস্ত্রীর কাজ করছিলেন রুবেল। তএ সময় মেশিনে লোহার রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।