রাজধানীর মগবাজরে গ্যারেজে আগুন; এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্বার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মগবাজার নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত এক শিশু এক নারী ও এক পুরুষ সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা নিহতদের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহত তিনজন হলেন- লক্ষèীপুর সদর উপজেলার পশ্চিম নন্দনপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে আব্দুল কাদের লিটন (৪০)। ভবনের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে এ কে রুশদি (৪) । মৃত ওই নারীর নাম এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, এই অগ্নিকান্ডের ঘটনায় মোট ১৫জন আহত হয়েছেন। তার মধ্যে ৬জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্বার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বাকী ৯জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে, এদের মধ্যে শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৮) দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। এছাড়া ওই ভবনের পরিবারের চার সদস্য মনির হোসেন, সুমাইয়া আক্তার, মাহাদী হাসান ও মাহমুদুল হাসান আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মগবাজারের দিলু রোডে ৪৫/এ নম্বর বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদরদপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর রাসেল শিকদার আজ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, রাজধানীর ৪৫/এ নিউ ইস্কাটন মগবাজার দিলু রোডে পাঁচ তলা ভবনের নিচ তলার গ্যারেজে ভোর সাড়ে ৪টা ৩২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ৮টি ইউনিট গিয়ে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। মরদেহ গুলো ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অগ্নিকান্ডের ঘটনায় মোট ১৫জন আহত হয়েছে। তার মধ্যে ৬জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৯জনকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। অগ্নিকান্ডে ওই গ্যারেজের ৫টি প্রাইভেটকার ও ২টি মোটরসাইকেল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মো: আতিকুর রহমান বাসসকে বলেন, তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও পর্যন্ত জানা যায়নি। তার কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে তা বলা যাবে।

তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ কিংবা অন্য কোন ভাবে এই আগুনে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ। সুমাইয়াার স্বামী মনির হোসেন জানান, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ঘুম ভেঙেই অগ্নিকান্ডের ঘটনা দেখতে পান তিনি। তবে, কীভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না বলে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় লোকজন ও বাসিন্দাররা জানান, নিহত আব্দুল কাদের ওই ভবনের গ্যারেজের পাশের একটি রমে থাকতেন ও ভবনটির দ্বিতীয় তলার ক্ল্যাসিক ফ্যাশন ইন্টারন্যাশনালের অফিস সহকারী হিসেবে কাজ করতেন। আজ বৃহস্পতিবার ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো: বাচচু মিয়া বাসসকে জানান, শহিদুলের শরীরের ৪৩ শতাংশ এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের শরীরের ৯৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। নিহত তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এদিকে, তেজগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ১৭ জনকে জীবিত অবস্থায় উদ্বার করা হয়েছে। এছাড়া তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। লক্ষèীপুর সদরের মোহাম্মদ উল্লাহর ছেলে আব্দুল কাদের লিটন (৪০)। ভবনের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে রুশদি (৪)। এবং একজন নারী মরদেহ রয়েছে বলে তিনি জানান।
ওই ভবনের দারোয়ান লুৎফর রহমান জানান, বাসার নিচে গ্যারেজ থেকে আগুন লাগে। আগুনে পাঁচটা গাড়ি পুড়ে গেছে। অগ্নিকান্ডের পর ধোঁয়ায় ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি আরম্ভ করে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার জীবন বলেন, মৃত তিন জনের মধ্যে শিশুসহ দুই জন পুরোপুরি পুড়ে গেছে। যা দেখে শনাক্ত করার মতো না। আগুনের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে আব্দুল কাদের লিটন মারা গেছেন।