রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের গেল ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টার মধ্যে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একজন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।
মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর চার, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের পাঁচ এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুরে একজন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৬১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ।


