রাজশাহীতে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিবেদকঃ রাজশাহীর বাঘায় আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানভীর আহম্মেদ (২২) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। তানভীর বাঘা উপজেলার কলিগ্রাম এলাকার জাফর ইকবালের ছেলে। তিনি বাঘা শাহদৌলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত কলেজছাত্র মাদকাসক্ত ছিলেন। এখন কোনো কারণে কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে দিয়েছে, না তিনি আত্মহত্যা করেছেন, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি জানান, সকাল ৮টার দিকে প্রতিবেশী এক গৃহবধূ বাড়ির পাশের আমগাছে গলায় মাফলার জড়ানো তানভীরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।