রাজশাহীতে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : শনিবার দিবাগত রাতে উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চকপলাশী গ্রামের একটি কলাবাগান থেকে নিহত ভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম জাহাঙ্গীর হোসেন (৩৫)। তিনি পুঠিয়া পৌর এলাকার গণ্ডগোহালি মহল্লার রজব আলীর ছেলে। পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানান, শনিবার রাত ৮টার দিকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ শনাক্ত করেন। ওসি জানান, জাহাঙ্গীরের লুঙ্গি ছিঁড়ে হাত ও মুখ বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার ভ্যানটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতে তাকে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করা যায়নি। ওসি জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিন খাতুন থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।