রাজশাহীতে তুলার গুদাম আগুন

রাজশাহীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে তুলার একটি গুদাম। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর গণকপাড়া তুলাপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তুলাপট্টির শামীম বেড হাউস লেপ, তোষক, গদি ও বালিশ তৈরির কাজ করে। দোকানের পাশেই রয়েছে গুদাম। দুপুর সাড়ে ১২টার দিকে গুদামে আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের একটি ইউনিট দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর শুনেই গুদামমালিক শামীম অসুস্থ হয়ে পড়ায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

তবে গুদামের এক কর্মচারী জানান, দুপুরে গুদামে এক নভ্যা তুলা আনা হয়। এর আগে ভ্যানটি কিছুক্ষণ দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। ভ্যানটি গুদামে ঢোকানোর পর পরই আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, আশপাশের অন্য তুলার গুদামে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নাআ হয়েছে। আগুন নেভাতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।

তিনি আরও জানান, তুলার নিচে আগুন থাকতে পারে ভেবে গুদাম থেকে সব তুলা বের করা হয়েছে। মালিক অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। কীভাবে আগুন লেগেছে সেটিও এখনই বলা যাচ্ছে না।