রাম রহিমের ব্যাগ বয়ে বরখাস্ত সরকারি আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হওয়ার পর আদালত প্রাঙ্গণে তার ব্যাগ ধরে এগিয়ে দিয়ে তাকে সাহায্য করায় বরখাস্ত হলেন এক সরকারি আইনজীবী।

হারিয়ানার রাজ্যের ডেপুটি অ্যাটর্নি জেনারেল গুরদাস সিং সালওয়ারা শুক্রবার আদালতে রাম রহিমের একটি কমলা রঙের ব্যাগ এগিয়ে দিয়ে তাকে সাহায্য করছিলেন। ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়েছে। আসামির কাজে সাহায্য করায় হরিয়ানার অ্যাটর্নি জেনারেলের সুপারিশে গুরদাস সিংকে বরখাস্ত করা হয়।

এনডিটিভি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

ভারতের জনপ্রিয় কিন্তু বিতর্কিত ধর্মগুরু গুরমিত সিং, যিনি রাম রহিম নামে বেশি পরিচিত। নিজের আশ্রমে দুই নারীকে ধর্ষণের দায়ে শুক্রবার হরিয়ানার পাঁচকুলার একটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন।

রায়ের পর পাঁচকুলার আদালতের বাইরে হানিপ্রিৎ নামে এক নারীর সঙ্গে গুরদাস সিংকেও দেখা যায়। রাম রহিমের দাবি, হানিপ্রিৎ তার পালিত কন্যা। হানিপ্রিতের হাতেও রাম রহিমের একটি ব্যাগ ছিল।

হরিয়ানার অ্যাটর্নি জেনারেল বলদেব রাজ মহাজন বলেন, বাবাকে সঙ্গ দিতে দেখা গেছে তাকে (গুরুদাস)। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি তা করতে পারেন না। ডেপুটি অ্যাটর্নির সঙ্গে আশ্রমের যোগাযোগ আছে।

ধর্মগুরু রাম রহিমকে কারাগারে ভিআইপি মর্যাদা দেওয়ায় হরিয়ানার আদালত রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে। তা ছাড়া পাঁচকুলা থেকে বিশেষ হেলিকপ্টারে করে তাকে রোতাক জেলে নেওয়া হয়। তাকে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ ও বোতলের বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।