রাশিয়ার এক সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার আরকাডি বাবচেঙ্কো নামের ওই সাংবাদিককে কিয়েভে নিজ বাড়ির সামনে হত্যা করা হয় বলে ইউক্রেনের পুলিশ জানিয়েছে।

৪১ বছর বয়সি বাবচেঙ্কোকে তার স্ত্রী তাদের ফ্ল্যাটের প্রবেশমুখে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাবচেঙ্কো ২০১৬ সালে রাশিয়ার একটি বিধ্বস্ত সামরিক বিমান নিয়ে একটি প্রতিবেদন লিখেছিলেন। তিনি জানিয়েছিলেন, এর পর বেশ কিছু জীবননাশের হুমকি পান এবং স্বদেশ রাশিয়া ছাড়েন।

বাবচেঙ্কো প্রথমে রাশিয়া থেকে প্রাগে যান এবং এরপর কিয়েভে অবস্থান নেন। তিনি রাশিয়ার বর্তমান শাসকগোষ্ঠীর কঠোর সমালোচক ছিলেন।

বাবচেঙ্কো আগে যুদ্ধবিষয়ক সংবাদদাতা ছিলেন। পরে তিনি ইউক্রেনের টিভি চ্যানেল এটিআর টিভির সংবাদ পরিবেশক হিসেবে কাজ করতেন।

তথ্য : বিবিসি