মোঃজয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নে ইসলাম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যর বিরুদ্ধে। গত বুধবার (২৮ এপ্রিল) রাতে ইউপি ভবনের সামনে এঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানাযায়, ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন ইউপি ভবনের সামনে এক দোকানে বলছিলেন আমি একজন গরীব মানুষ অথচ সরকারি কোন সাহায্য পাইনা। একটা বয়স্ক ভাতার কার্ডও পেলাম না। সরকার তো অনেক কিছুই দিচ্ছে। আর মেম্বারের কাছে গেলে বলেন কিছুই আসেনি কথায় থেকে দিবো।
এ কথা শুনে গ্রাম পুলিশ বলাই চন্দ্র মুঠোফোনে ইউপি সদস্য বিশ্বনাথকে এসব কথা বললে মেম্বার এসে বৃদ্ধ ইসলাম উদ্দিনকে বেধক মারধর করেন। এক পর্যায়ে বৃদ্ধ ইসলাম মাটিতে পড়ে গেলে তার ছেলে মোস্তাফা এগিয়ে আসলে চকিদার ও মেম্বারের বাহিনী মান্নান তাকেও মারধর করে। পরে স্থানীয়রা বৃদ্ধ ইসলাম উদ্দীন ও তার ছেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।নাম না প্রকাশের অনইচ্ছুক এক ব্যক্তি বলেন, বাবার বয়সী ইসলাম উদ্দিন দোকানে বসে নিজের কষ্টের কথা বলছিলেন এমন সময় মেম্বার বিশ্বনাথসহ তার দলবল এসে তাকে চড় থাপ্পর মারতে শুরু করে । আমরা এগিয়ে আসলে মেম্বারের সাথে থাকা মান্নান আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে বলেন যে বাচতে চাইলে কেউ আসবিনা।ভুক্তভোগী ইসলাম উদ্দিন জানান, আমি দোকানে বসে শুধু বলেছি মেম্বার কি আমাক কিছু দিবেনা, সরকার এতো সাহায্য দিচ্ছে তবুও মেম্বার চেয়ারম্যান বলে কিছু নাই। তখনই চৌকিদার মেম্বারকে ফোন দেয়, পরে মেম্বার এসে আমাকে মারপিট করে।
আমার ছেলে আটকাতে এলে তাকেও মারধর করে। ইউপি সদস্য বিশ্বনাথ বলেন, ইসলাম উদ্দিন আমাকে ও চেয়ারম্যানকে গালিগালাজ করে একথা শুনে গ্রাম পুলিশ বলাই আমাকে জানান। আমি তখন চেয়ারম্যানকে বিষয়টা জানালে তিনি আমাকে ওই বৃদ্ধকে ২/৪টা চড় থাপ্পড় দিতে বলেন। অন্যদিকে ইউ পি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন বৃদ্ধকে মারধরের ব্যাপারে আমি কিছুই জানিনা।
রুহিয়া থানার ওসি চিত্ররঞ্জন কুমার রায় বলেন, ইউপি সদস্য এক বৃদ্ধকে মারধর করেছেন শুনেছি ,স্হানীয় ভাবে তাদের আলোচনায় বসার কথা আছে।


