জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজীপুর-চট্টগ্রাম সড়কে বিপরীত দিক থাকা আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শফিকুল ইসলাম (৪৫) নামে এক চালকের।
রবিবার (২৮ মার্চ) সকালের দিকে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে ভূলতা ফ্লাইওভার সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে ঘটে এই দুর্ঘটনা।
নিহত চালক শফিকুলের বাড়ি বগুড়া দেলার সদর থানার বাঘপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মরহুম অলির ছেলে।
পুলিশ জানান, ভূলতা ফ্লাইওভার দিয়ে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-২৮৬৩) সাথে গাউছিয়া মার্কেট থেকে আসা মালবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-১৪৮১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মদনপুর থেকে আসা ট্রাকের চালক শফিকুল ইসলাম নিহত হন।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনার পর মরদেহ স্বজনরা তাদের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে গেছে।’


