রোশনারা আলী চট্টগ্রামে একদিনের সফরে ব্যস্ত সময় কাটালেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক দূত এবং ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী চট্টগ্রামে একদিনের সফরে ব্যস্ত সময় কাটালেন।

তিনি চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউ হোটেলে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত তিন দফায় চট্টগ্রাম চেম্বার, সাংবাদিক নেতৃবৃন্দ এবং রাতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।

বৈঠককালে রোশনারা আলী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্য দীর্ঘ মেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করছে। ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের সফল হওয়ার মত নানা উপাদান আছে। কিছু চ্যালেঞ্জও আছে।’

যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশের এনার্জি ও রেলওয়ে খাতে বিনিয়োগে আগ্রহী বলে মন্তব্য করে রুশানারা আলী বলেন, ‘ব্যবসার পরিবেশের উন্নতি ঘটাতে বাংলাদেশ নানা পদক্ষেপ নিচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া। ব্যবসার জন্য ভালো পরিবেশ ও সুশাসন নিশ্চিত করা জরুরী। ভালো ব্যবসার পরিবেশ উচ্চ বিনিয়োগ নিশ্চিত করবে।’

বাংলাদেশের বিশেষায়িত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোতে যুক্তরাজ্য বিনিয়োগ আগ্রহী জানিয়ে তিনি বলেন, ‘অনেক ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী এক্ষেত্রে আগ্রহী। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনকে এক্ষেত্রে উদ্যোগ নিতে হবে।’

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বৃটিশ এমপিকে জানান, চট্টগ্রামের মীরসরাই ইকনোমিক জোনে ওয়ান স্টপ সার্ভিস কাজে লাগিয়ে জাপান, ভারতসহ অনেক দেশ শিল্প স্থাপন করছে। একইভাবে এই অঞ্চলে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান জানান চেম্বার সভাপতি। শ্রমমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে চীনসহ অন্যান্য দেশে অবস্থিত ব্রিটিশ প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশে স্থানান্তরের সুবিধাগুলো উল্লেখ করেন তিনি।

এমপি রোশনারা আলী বাংলাদেশের উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন কর্মকান্ড বর্ণনা করে বলেন, ‘দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করছে। এছাড়া বিশ্বব্যাংক গ্রুপের মাধ্যমেও বাংলাদেশকে প্রচুর সাহায্য প্রদান করা হচ্ছে। যার সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।’

ওয়েলস, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রোগ্রাম আরো জোরদার করা যায় বলেও তিনি অভিমত প্রকাশ করেন।

রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও বাণিজ্য ব্যাক্তিত্বের সাথে মত বিনিময় ও ডিনারে মিলিত হন রোশনারা আলী এমপি। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, র‌্যাংক এফসি প্রপার্টিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ ইস্পাহানী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সাইফুর রহমান, বেঙ্গল শিপিং-এর চেয়ারম্যান আবদুল আউয়াল, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী সোলায়মান আলম শেঠ প্রমুখ।

বৃটিশ প্রতিনিধি দলে রোশনারা আলী ছাড়াও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন বোর, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড এর ডিরেক্টর বেনজামিন কান্টমোর, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড এর ডেপুটি ডিরেক্টর খালিদ গাফফার, ব্যবস্থাপক আবির বড়ুয়া এবং বৃটিশ হাইকমিশনের প্রেস অফিসার নারায়ন দেবনাথ।