কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে অন্ধ হয়েও আত্মবিশ্বাস ও প্রবল স্মরণশক্তির মাধ্যমে ফ্ল্যাক্সিলোড, বিকাশে টাকা লেনদেন করাসহ প্রায় ৫ হাজার মোবাইল ফোন নম্বর মুখস্থ বলতে পারেন মিজানুর রহমান(২৪)।
উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামের মোনতাজ আলীর পুত্র মিজানুর রহমান।আশ্চর্য বিষয় হচ্ছে অত্র এলাকার পরিচিত মানুষের সব মোবাইল নম্বর তার কাছে মুখস্থ। ফ্ল্যাক্সিলোড করতে গেলে নম্বর না বলে ব্যক্তির নাম বললেই টাকা চলে যায় মোবাইলে ফোনে।
চোখে না দেখে মোবাইল ফোনে টাকা লেনদেন করা হয় কিভাবে? জানতে চাইলে মিজানুর রহমান বলেন, কোন বাটনে কোন সংখ্যা এটা মোবাইল সেটের উপর হাত রেখে বলে দিতে পারি। ব্যবহার করতে করতে আমার সব জানা হয়ে গেছে। ওয়ালটন ও নোকিয়া কোম্পানির সেট ব্যবহার করছি। এতে আমার কোনো সমস্যা হচ্ছে না। বিকাশে (ব্র্যাক ব্যাংক, মোবাইল ব্যাংকিং) বা রকেটে (ডাচবাংলা মোবাইল ব্যাংকিং) টাকা পাঠাতে কোনো সমস্যা নেই তার।
মিজানের বাবা মোনতাজ আলী বলেন, সে জন্ম থেকেই অন্ধ। চিকিৎসার জন্য তাকে উলিপুর, রংপুর ও দিনাজপুর চক্ষু হাসপাতালে নিয়ে গেছি।কিন্তু অর্থ সংকটের কারণে মিজানের অপারেশন করা সম্ভব হয়নি। মেম্বার ও চেয়ারম্যানের কাছে কয়েকবার গিয়েছিলাম তারা আমার ছেলেটাকে ইউনিয়ন পরিষদ থেকে কোন সাহায্য করেনি। বর্তমানে সে টাকা উপার্জন করে পরিবারকে সহযোগীতা করছে।
বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর হোসেন জানান, এ ব্যাপারে কিছু জানি না, তবে খোঁজ খবর নিয়ে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আমি তা করবো।
এব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, মিজানুরের সম্পর্কে আমি জানি। তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়া হয়েছে।


