রৌমারীতে ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধ গ্রামবাসী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত কোনো শিক্ষক উপস্থিত না হওয়ায় বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধ গ্রামবাসী। এমতাবস্থায় কাকলী ও ফেরদৌসি নামের দু’জন শিক্ষিকা উপস্থিত হন সেখানে। তারা স্কুলে তালা দেখে উপস্থিত সকলের উদ্দেশ্যে তালা খুলে দিতে বলেন। তালা না খুললে ছাত্রলীগ নেতাদের দিয়ে হেনস্তা করার হুমকি দেন। এ হট্টোগোলের একপর্যায়ে সেখানে উপস্থিত হন স্কুলের সভাপতি আব্দুর রশিদ। তিনি বলেন, টিও এটিও প্রতিমন্ত্রী সকলকে এ স্কুলের দুর্দাশার কথা বলেছি। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছি।

কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেন নি। ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৩০জন শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন ৬জন। এদের মধ্যে মাহফুজা বেগম ও শিউলি আক্তার নামের দু’জন শিক্ষক রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। ওইদিন ১১টার পর কাকলী পারভীন ও ফেরদৌসী জাহান নামের দু’জন শিক্ষার্থী স্কুলে উপস্থিত হন। প্রধান শিক্ষক আসাদুজ্জামান ছিলেন মাসিক সমন্বয় সভায় ও সহকারী শিক্ষক আফজাল হোসেন আছেন ইউআরসি ট্রেনিংয়ে। আল আমিন নামের একজন গ্রামবাসী বলেন, এ স্কুলে কোনো শিক্ষকই সময় মত আসেন না। পড়াশোনাও ঠিকমত হয় না।

দুপুরের দিকে ওরা আসেন এবং যান দুপুরের পরপরই। খোদ প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর এলাকাতেই যদি প্রাথমিক স্কুলের এমন হাল হয় তাহলে আমরা কার কাছে যাব? স্কুলে গ্রামবাসীর তালা ঝোলানোর বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, দু’জন শিক্ষক রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। আমি এবং একজন সহকারী শিক্ষক ট্রেনিংয়ে থাকায় কাকলী ও ফেরদৌসীকে যথাসময়ে স্কুলে আসার জন্য গতকাল বলেছিলাম। কিন্তু তারা সময় মত স্কুলে আসেননি। তাই এলাকাবাসী স্কুলে তালা ঝুলিয়েছে।

এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে ইউএনও মহোদয় আমাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, স্কুলে তালা ঝোলানোর বিষয়টি জানতে পেরেছি। উপজেলা শিক্ষা অফিসারকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তে দোষী প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।