জেলা প্রতিবেদকঃ স্কুলে শিক্ষকদের দীর্ঘ অনুপস্থিতির কারণে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গৃহে গ্রামবাসির তালা ঝোলানোর বিষয়ে প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে শোকজ করা হয়েছে।
সোমবার রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম শোকজের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে গ্রহনযোগ্য জবাব দিতে ব্যর্থ হলে ওই ৩ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের নির্দশনা রয়েছে শোকজে। তবে ধর্মপুর সরকারি স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান শোকজ প্রাপ্তির বিষয়টি অস্বীকার করেছেন। তার মতে, শিক্ষা কর্মকর্তা, স্কুলের সভাপতি, কয়েজন গ্রামবাসি ও অভিযুক্ত ৩ শিক্ষকের মধ্যে এক বৈঠকের মাধ্যমে সৃষ্ট বিষয়টি মিমাংসা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি রৌমারীর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, স্কুলে কোনো শিক্ষক সময় মতো উপস্থিত হন না এবং পড়াশোনা হয় না। স্কুলের সভাপতি আব্দুর রশিদসহ গ্রামের অনেকেই বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। ফলে তারা স্কুল গৃহে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।


