লক্ষ্মীপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নাসরিন আক্তার (৩৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ লতিফপুর গ্রামের প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। নাসরিনের স্বামী ফারুক জানায়, ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় কে বা কারা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।