লালমনিরহাট: লালমনিরহাটে চলন্ত ট্রলি থেকে পড়ে পল্লব কুমার রায় (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে সদর উপজলার গোকুন্ডা ইউনয়নের মণ্ডলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পল্লব ওই এলাকার তালুক মৃত্তিঙ্গা গ্রামের সুনিল চন্দ্র রায়ের ছেলে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এরশাদুল আলম জানান, সকালের দিকে মণ্ডলেরহাট এলাকা থেকে ট্রলিতে মাটি ভরাট করে তার ওপর চড়েই মুস্তফি বাজারের দিকে যাচ্ছিল শ্রমিক পল্লব। পথে একই এলাকার কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় উঠার সময় ট্রলি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় পল্লব। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।


