লালমনিরহাটে পুকুরে ডুবে একটি শিশুর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে ডুবে মাধুর্য রহমান (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মাধুর্য একই এলাকার আনোয়ারুল হোসেনের মেয়ে।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হামিদ জানান, দুপুরের দিকে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল মাধুর্য। এসময় সবার অজান্তে পুকুরে পড়ে পানিতে ডুবে যায় শিশুটি। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করে মাধুর্যকে না পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।