লাশ আনতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বরগুনা জেলার আমতলী উপজেলার আসাদুজ্জামান আসাদ নামের মটরসাইকেল চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। পটুয়াখালী-কুয়াকাটা হাইওয়ের ঘটখালী  নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থল থেকে জানা যায়।

মহিপুরের এক ব্যবসায়ী পটুয়াখালী থেকে ফুপু’র লাশ আনতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরেছে। লাশবাহী গাড়ির পাশাপাশি ব্যবসায়ী ওই যুবক একজন আরোহী নিয়ে মহিপুরের উদ্দেশ্যে আসছিল। পথে এক মহিলা রাস্তা পার হবার সময় তাকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের গাছের উপর উঠিয়ে দেয় মোটরসাইকেল। এসময় চালক আসাদুজ্জামান আসাদ (২৮) ঘটনাস্থলেই মারা যায়।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শেষ বিকেলে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী এলাকার ঘটখালী উশ্যিতলা নামক স্থানে।
নিহত আসাদের পরিবার জানায়, পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফুফু সুফিয়া বেগম (৬০) বৃহস্পতিবার বিকেলে মারা যায়। তার লাশ নিয়ে আসার জন্য পটুয়াখালীতে যায় মহিপুরের মৎস্য ব্যবসায়ী আসাদ।

মোটরসাইকেলের অপর আরোহী কামালের (৪৫) অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তাকে দুর্ঘটনার পরপরই পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া রাস্তা পার হবার সময় আহত মাহিনুরকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত আসাদ মহিপুরের মৎস্য ব্যবসায়ী ফজলুল হক হাওলাদারের ছেলে। তিনি মহিপুর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে, দুর্ঘটনার খবর মহিপুরের পৌঁছামাত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন  দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।