এস.এম,মনির হোসেন জীবন: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২২টি সোনার বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। আটককৃত ওই যাত্রীর নাম আরশাদ আয়াজ আহমেদ (৪৫)। আটককৃত আরশাদ আয়াজ আহমেদ পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা।
সোমবার দিবাগত রাত ১টায় ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইন্সের (টিজি-৩৩৯) নম্বর ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী আজ সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১টায় ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইন্সের (টিজি-৩৩৯) নম্বর ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন। আর ওই বিমানের যাত্রী ছিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা আরশাদ আয়াজ আহমেদ(৪৫)। টিজি-৩৩৯ ফ্লাইটটি ৯নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর আরশাদ আয়াজ আহমেদ প্রথম দিকেই বেরিয়ে আসেন। তখন কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই যাত্রীকে অনুসরণ করেন এবং গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার নিকট শুল্ককর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। তখন তিনি তা অস্বীকার করেন।
কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা আরো জানান, পরে তার দেহ তল্লাশি করে তার কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ১২ কেজি ৩শ গ্রাম। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা। জব্দকৃত সোনা গুলো কাস্টমস এর হেফাজতে আছে। আটককৃত যাত্রীর বিরুদ্বে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


