শেষ পর্যন্ত জোট সরকার পেতে যাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাসের রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত জোট সরকার পেতে যাচ্ছে ইতালি। শুক্রবার প্রধানমন্ত্রী গিউসেপে কন্তের নেতৃত্বাধীন সরকার শপথ নেবে বলে জানিয়েছে বিবিসি।

গত এক সপ্তাহের মধ্যে গিউসেপে কন্তে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট সেরজো মাত্তারেয়েল্লার কাছে তার মন্ত্রিসভার সদস্যদের তালিকা জমা দিয়েছেন। প্রথাবিরোধী দল ফাইভ স্টার ও কট্টর ডানপন্থী লিগ পার্টি উভয় দল থেকেই মন্ত্রিসভার সদস্য বেছে নেওয়া হয়েছে।

কন্তে এর আগে সরকার গঠনের জন্য অর্থমন্ত্রী হিসেবে চেয়েছিলেন ইতালীয় অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পাওলো সাভোনাকে। ইউরোপীয় ইউনিয়নের কট্টর সমালোচক সাভোনাকে এবারও প্রেসিডেন্ট মাত্তারেয়েল্লা অর্থমন্ত্রীর হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে কন্তের দেওয়া তালিকার অন্যদের মন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন প্রেসিডেন্ট।

এর আগে গত মাসে সাভোনাকে কেন্দ্র করে মাত্তারেয়েল্লার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী হতে অস্বীকৃতি জানিয়েছিলেন কন্তে। তাই ওই সময় ভেঙ্গে পড়েছিল জোট সরকার।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাত্তারেয়েল্লার সঙ্গে বৈঠকের পর কন্তে জানিয়েছেন, তার সরকারের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অর্থনীতির অধ্যাপক জিওভান্নি ট্রায়া।

আর ফাইভ স্টার নেতা লুইগি ডি মাইও ও লিগ পার্টির নেতা সালভিনি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘ফাইভ স্টার ও লিগ পার্টি সরকারের সব শর্ত পূরণ করা হয়েছে।’