জেলা প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর শ্রীরামপুরের পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, সন্ধ্যায় শ্রীরামপুরের পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই নৌকায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। তবে এদের মধ্যে অনেকেই সাঁতরে পাড়ে উঠেছেন।
তিনি জানান, নদীতে কেউ ডুবে আছেন কিনা তা দেখার জন্যই দুই সদস্যের ডুবুরি দল ও বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে গেছেন। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


