বিনোদন ডেস্ক : দীর্ঘ সাত বছর পর প্রযোজক হিসেবে ফিরছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তেলেগু সিনেমা প্রস্থানম’র হিন্দি রিমেক নির্মাণ করছেন তিনি। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন এ অভিনেতা। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন মনীষা কৈরালা।
সনম, আচানক, কার্তুজ, মেহবুবা ইত্যাদি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সঞ্জয়-মনীষা। প্রস্থানম সিনেমাটিতে সঞ্জয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। এর মধ্যে দিয়ে দীর্ঘ দশ বছর পর আবারো পর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন তারা।
সিনেমাটি পরিচালনা করবেন দেবা কাট্টা। তিনি বলেন, ‘প্রস্থানম সিনেমার প্রত্যেকটি চরিত্রই অনেক শক্তিশালী। তাই এতে যারা অভিনয় করবেন তাদের অনেক ভালো অভিনয়শিল্পী হতে হবে। তারপর টিমের সদস্যরা মনীষাকে পর্দায় সঞ্জয়ের স্ত্রীর চরিত্রে প্রস্তাব করেন তখন আমার মনে হয়েছে তিনিই চরিত্রটির জন্য উপযুক্ত। তাদের দুজনকে পরিচালনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি কারণ তারা দশ বছর পর আবারো একসঙ্গে অভিনয় করছেন।’
সঞ্জয় মনীষা ছাড়াও এতে আরো অভিনয় করবেন অভিনেতা আলী ফজল। আর এ অভিনেতার প্রেমিকার চরিত্রে থাকবেন অভিনেত্রী আমায়রা দাস্তুর।


