সন্ত্রাসী বাবলা ১ দিনের রিমান্ডে

চট্টগ্রাম: শিবির ক্যাডার সাজ্জাদ আলীর অন্যতম সহযোগী সরওয়ার প্রকাশ বাবলাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ।
তিনি বলেন, পুলিশ সাতদিনের রিমান্ডে চেয়েছিল। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কাতার থেকে দেশে ফেরার পর শিবির ক্যাডার সরওয়ার প্রকাশ বাবলাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে নগরের বায়েজিদ থানাধীন খোন্দকারাবাদ এলাকায় সরওয়ার প্রকাশ বাবলার বাড়ি থেকে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, দুইটি এলজি ও রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ। সন্ত্রাসী সরওয়ার প্রকাশ বাবলার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।
গত বছরের ২৪ অক্টোবর সন্ত্রাসী সরওয়ার, ম্যাক্সন ও একরামের নামে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের কর্মী নামধারী পাঁচজনকে গ্রেফতার করেছিল বায়েজিদ থানা পুলিশ। ২০১১ সালে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া থেকে সন্ত্রাসী ম্যাক্সনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে সরওয়ারকে গ্রেফতার করা হয়। ২০১৭ সালে কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে কাতারে পালিয়ে যায় সরওয়ার ও ম্যাক্সন।