সহিংসতার দিকে পা বাড়ালে, দেশের জনগণকে নিয়ে আমরা সমুচিত জবাব দেবো: কাদের

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে, আন্দোলনের নামে আবারও সহিংসতার দিকে পা বাড়ালে, দেশের জনগণকে নিয়ে আমরা সমুচিত জবাব দেবো। এ পরিস্থতির মোকাবিলা করবো। ওবায়দুল কাদের বলেন, আমি বিএনপি নেতাদের, সংশ্লিষ্ট যারা আজকে ঘোলা পানিতে মাছ শিকার করে যারা দেশে একটা অস্থিতিশীল, নাজুক পরিস্থিতির সৃষ্টি করতে চান তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশে ২০১৪ সাল, ২০০১ সাল আর ফিরে আসবে না। সেই খোয়াব দেখলে, সেই খোয়াব অচিরেই তাদের কর্পুরের মতো উবে যাবে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের সিটি করপোরেশনের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্প ও সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিরোধীদলের কাজই হচ্ছে সমালোচনা করা। বিরোধীদল আছে যখন সমালোচনা হবেই। সংবিধান অনুযায়ী সরকার দেশ চালাবে। সংবিধানের বাইরে আমরা কোথায় অবস্থান নিয়েছি, সেটা তাদের পরিস্কার করে বলতে হবে। নির্বাচন হবে সেটাও সংবিধানের ভিত্তিতে। তারা আন্দোলন করবে কেন আমি জানি না। এ মুহূর্তে আন্দোলনের কোনো প্রয়োজনীয়তা নেই। দেশে একটা স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। নির্বাচন সামনে। জনগণ ইলেকশনের মুডে আছে। ভোটের মুডে আছে। অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্ভরের প্রথম সপ্তাহে যদি নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে আমাদের হাতে দুই মাসের মতো সময় আছে। এটা সবার জন্য যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তিনি বলেন, এখন যারা হেরে নির্বাচনে যাওয়ার আশঙ্কায়, নির্বাচন থেকে সরে আসার নানা অজুহাত খুঁজে বেড়াচ্ছে তাদের ব্যাপার আলাদা। তারা মনে করেছে ২০১৪ এর মতো দেশে একটা সহিংসতার বাতাবরণ তৈরি করবে। সেই সহিংস আন্দোলনও তাদের কিছু দেয়নি। বরং তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের কোনো সাড়া তারা গত ৯ বছরে পায়নি। ২০১৪ সাল থেকে গত চার বছরেও বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। কারণ মানুষ মনে করে বিএনপির আন্দোলন মানেই হচ্ছে আগুন সন্ত্রাস, বোমা সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা, সরকারি অফিস-স্কুল পুড়িয়ে ফেলা, রাস্তায় গাছ কেটে ফেলা। কাজেই গত চার বছরে তাদের গণতন্ত্র রক্ষার নামে বোমা সন্ত্রাসের রাজনীতি ব্যর্থ হওয়ার পর জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সানাউল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মো. আব্দুস সবুর, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।